২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবাদী’ অবস্থানে জাবি উপাচার্য

আন্দোলনরত শিক্ষকদের পাল্টা কর্মসূচি হিসেবে নিজের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 01:06 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি ঢাকা থেকে ফিরে ক্যাম্পাসে তার বাড়ির সামনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান দেখে নিজেও চাদর বিছিয়ে বসে পড়েন।

বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় দুপুর থেকে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষক। 

শিক্ষকদের কর্মসূচির সমালোচনা করে উপাচার্য সাংবাদিকদের বলেন, আন্দোলনরত শিক্ষকদের অবস্থান থাকলে তিনিও তার কর্মসূচি চালিয়ে যাবেন।

অধ্যাপক আনোয়ারের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। তাদের পাশেই চেয়ার নিয়ে বসে আছেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল ইসলাম উপাচার্যের এই অবস্থানকে ‘নাটক’ আখ্যায়িত করে বলেছেন, তিনি এখন ঘটনাকে ভিন্ন দিকে নিতে এই কাজ করছেন।

“আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা তো তাকে বাসায় ঢুকতে বাধা দিচ্ছি না। তিনি বাসায় ঢুকছেন না কেন?”

উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জনের পর অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষক ফোরাম। ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে অধ্যাপক কামরুল জানান।

এই শিক্ষক ফোরামের আন্দোলনে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে এক মাস আগে সচল হয়েছিল।

কিন্তু দাবিগুলো বাস্তবায়ন হয়নি অভিযোগ করে পুনরায় কর্মসূচিতে ফিরেছে শিক্ষক ফোরাম। 

এদিকে শিক্ষক ফোরামের এই কর্মসূচির সমালোচনা করে প্রগতিশীল শিক্ষকদের মোর্চা ‘শিক্ষক মঞ্চ’ বলেছে, আন্দোলনের নামে অন্যায় কর্মকাণ্ড ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মঞ্চের পক্ষে লিখিত বক্তব্যে অধ্যাপক মানস চৌধুরী বলেন, “অনৈতিক ও অযৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আন্দোলন বন্ধ করে জিম্মিদশা থেকে সকলকে মুক্তি দিতে হবে।”

অন্যদিকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষক ফোরাম।

ডিন নিয়োগ সংক্রান্ত ‘উপাচার্যের অবৈধ প্রজ্ঞাপন’ ঠেকাতে সোমবার দুপুর থেকে তাকে অবরুদ্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ফোরামের নেতারা।

এদিন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, দুই উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ কার্যালয়ে আসেননি।

এর প্রতিক্রিয়ায় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী সাংবাদিকদের বলেন, “তাদের কার্যালয়ে না আসা দেউলিয়াপনা ও দায়িত্বহীনতার পরিচায়ক।”

পুরনো খবর:

আবার আন্দোলনে জাবি শিক্ষকরা