২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আন্দোলনে জাবি শিক্ষকরা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে কর্মসূচি স্থগিতের এক মাস পর উপাচার্যের অপসারণ দাবিতে আবার আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

‘সাধারাণ শিক্ষক ফোরাম’ ব্যানারে শনিবার তারা কর্মবিরতি শুরু করেছেন, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষকদের কর্মসূচির কারণে কয়েকটি বিভাগে এদিন ক্লাস হয়নি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এই দুদিনের মধ্যে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে সরানো না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের সভাপতি হানিফ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য কর্মসুচি স্থগিত করেছিলাম, তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা অন্ধকারে।”

গত ২১ অগাস্ট থেকে চারদিন অধ্যাপক আনোয়রকে অবরুদ্ধ করে রাখে আনেদালনকারী শিক্ষকরা। এরপর শিক্ষক ফোরামের সঙ্গে গত ২৪ অগাস্ট ঢাকায় বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা, মুক্ত হন উপাচার্য।

ফোরামের সভাপতি হানিফ আলী সেদিন বলেছিলেন, মন্ত্রীর সঙ্গে আলোচনায় চারটি সিদ্ধান্ত হয়েছে।

“এর মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন অভিযোগ আমলে নেয়া হবে, উচ্চ কমিটি সম্পন্ন একটি কমিটি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল, তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা রিট তুলে নেয়ার ব্যবস্থা করা এবং সব বিষয় বিবেচনায় ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত।”

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মুহিবুর রহমানকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

অন্তর্কোন্দলে ছাত্রলীগের এক কর্মী নিহতের পর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় আনোয়ার হোসেনকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের এই শিক্ষক পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।

অধ্যাপক আনোয়ারবিরোধী এখনকার আন্দোলনে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় রয়েছেন বিএনপি সমর্থক শিক্ষকরাও।

কয়েক মাস আগে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক সমিতি আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এক পর্যায়ে হাই কোর্ট বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।

এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়।

তবে, ফোরামের কর্মসূচির সঙ্গে ভিন্ন মত রয়েছে শিক্ষকদের দুটি সংগঠনের। তাদের একটি ‘শিক্ষক মঞ্চ’ এবং অন্যটি ‘সাধারণ শিক্ষক পর্ষদ’।

পুরনো খবর:

‘অন্যায্য’ দাবিতে পদত্যাগ নয়: জাবি ভিসি
‘স্বস্তি’ চায় জাবি শিক্ষার্থীরা