২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পলিটেকনিকে তাণ্ডব: ৩ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

পলিটেকনিক শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীকে উস্কানি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জে তিন ডিপ্লোমা প্রকৌশলী নেতার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার রাতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইজি মাহমুদ ও সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

এ দুই মামলায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের (আইডিইবি) সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত উপ-সহাকারী প্রকৌশলী আব্দুল জব্বার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সরোয়ারী জাহান টিপু এবং সিরাজগঞ্জ সওজ বিভাগে কর্মরত সহকারী প্রকৌশলী ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরো অন্তত ১১শ’ জনকে আসামি করা হয় বলে পুরিশ জানিয়েছে।

দুইদফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রোববার ও সোমবার শহরে ব্যাপক তাণ্ডব চালায়।

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইজি মাহমুদ বলেন, মামলায় উল্লেখিত প্রকৌশলী নেতারা রোববার সকালে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে প্রধান ফটকে নিয়ে গিয়ে বক্তব্য দেয়ার সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে।

এ সময় প্রধান গেটে তালা লাগিয়ে শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেন। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা রাস্তা অবরোধ করে। তাতে বাধা দেয়ায় পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় চলা সংঘর্ষে কলেজের গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করা হয়।

এ সকল কাজে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও অংশ নেয় বলে জানান অধ্যক্ষ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, প্রকৌশলী নেতারা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও জামায়াত-শিবির নেতাকর্মীদের উস্কে দিয়ে সদর উপজেলার ফকিরতলা এলাকায় অবস্থিত পলিটেকনিকের আশপাশে দুইদিনব্যাপী তাণ্ডব চালিয়েছে।

এ ব্যাপারে আইডিইবি সিরাজগঞ্জ শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ সওজ বিভাগে কর্মরত সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বারণ করা সত্বেও তারা সহিংসতায় জড়িয়ে পড়ে। জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি সত্য নয়।

সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী সরোয়ারী জাহান টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, “কলেজে গিয়ে ছাত্রদের বিষয়ে আইডিইবির নেয়া কর্মসূচির বিষয়ে অবগত করেছি। তাণ্ডবের জন্য শিক্ষার্থীরা দায়ী। প্রকৌশল নেতারা ওই ঘটনায় জড়িত নন।”

আইডিইবি সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত উপ-সহাকারী প্রকৌশলী কর্মরত আব্দুল জব্বার বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে দ্বন্দ্ব থাকায় ফাঁসানোর জন্য প্রকৌশল নেতাদের নামে মামলা করা হয়েছে। 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক (২) আফজাল হোসেন ও সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নুর-ই-আলম জানান, সরকারি কর্মকর্তাদের এ ধরনের সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।