২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

সরকারের হুঁশিয়ারির পরও দুটি দাবিতে আন্দোলনে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির সরকারী কর্মচারীর মর্যাদা দেয়া এবং সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সোমবার সরকারের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়।

ঢাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালনকারীদের সতর্ক করে এক প্রেসনোটে বলা হয়, যারা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে মঙ্গলবারও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্যানারে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করে শিক্ষকরা। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে শিক্ষকরা যোগ দেন।

প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কিংবা এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা চাচ্ছেন।

“আমরা ২০০৬ সাল থেকে এই দাবিতে আন্দোলন করছি। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় আমাদের দাবির প্রতি আন্তরিক, কিন্তু গোটা বিষয়টি আটকে আছে সরকারের জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে। এ কারণেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। তিনি নির্দেশ দিলে (দাবি পূরণে) আর কোনো বাধা থাকে না।”

বাশার জানান, এর আগে বিভিন্ন সময়ে ৩-৪ ঘণ্টা কর্মবিরতি পালন করলেও গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা টানা কর্মবিরতি পালন করেছেন।

দাবির বিষয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, ওই আলোচনার ফলাফল জেনে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

পুরনো খবর:

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের হুঁশিয়ারি