২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের হুঁশিয়ারি

দেশের সরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 01:00 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মর্যাদা বৃদ্ধি ও বেতন স্কেল উন্নীতের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশের কর্মবিরতিসহ নানা কর্মসূচির প্রেক্ষাপটে সোমবার এক প্রেসনোটে এই হুঁশিয়ারি দেয়া হয়।

আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রেসনোটে বলা হয়, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত এবং সহকারী শিক্ষকদের বেতনস্কেল উচ্চতর পর্যায়ে নির্ধারণ করার বিষয়টি সক্রিয় প্রক্রিয়াধীন। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে যথাযথ কার্যক্রম চলমান রয়েছে।”

প্রাথমিক শিক্ষককদের সব দাবি-দাওয়ার ব্যাপারে সরকার সজাগ রয়েছে উল্লেখ করে সরকারি ভাষ্যে বলা হয়, বর্তমান সরকারের আমলেই প্রাথমিক শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেড়েছে।

“অল্প কিছু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোনো কোনো মহলের প্ররোচনায় অহেতুক কর্মবিরতি পালনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করছেন।”

প্রেসনোটে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে বলা হয়, “অন্যথায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্ন সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”