মসজিদের ভেতর শ্রমিকের গলা কাটা লাশ
টাঙ্গাইল সদরে একটি মসজিদের ভেতর থেকে এক তাঁত শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ‘ধুলুটিয়া জামে মসজিদে’ আমিনুর মিঞার (৩০) রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আমিনুর লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বেজগ্রাম গ্রামের হারুন আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দশ বছর ধরে আমিনুর ধুলুটিয়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তিনি পেশায় তাঁত শ্রমিকের কাজ করতেন।
মাঝে মাঝে রাতের বেলা তিনি মসজিদে ঘুমাতেন বলে জানায় প্রতিবেশীরা।
ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতর আমিনুরের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
নিহতের বড় ভাই বলেন, তার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিল না। কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি বোঝা যাচ্ছে না।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
