চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে উল্লাস
যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে চট্টগ্রামের গণজারগরণ মঞ্চ।
রায় ঘোষণার আগেই মঙ্গলবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন সাধারণ মানুষ। ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে তারা উল্লাসে ফেটে পড়েন। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল বের করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান জাগরণের কর্মীরা।
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪২ বছর ধরে চট্টগ্রামের ইতিহাসে কলঙ্ক তিলক হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই রাজাকার। রায় ঘোষণার ফলে অমরা কলঙ্কমুক্ত হলাম।”
শরীফসহ সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আবৃতি শিল্পী রাশেদ হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় গণজাগরণ মঞ্চের পাশাপাশি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
