বিটি বেগুন: স্বাধীন গবেষণা চায় আদালত
একটি স্বাধীন গবেষণার মাধ্যমে জিন বদলে উৎপাদিত বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না তা নির্ধারণ না করা পর্যন্ত এর পরবর্তী কার্যক্রম গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন।
শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরসেদ গত বৃহস্পতিবার এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে আবেদনকারী পক্ষে শুনানি করেন, মো. শহিদুল ইসলাম। আদালতে বেলার আইনজীবী মো. ইকবাল কবির লিটনও রিটের পক্ষে বক্তব্য রাখেন।
শুনানি শেষে আদালত এই বিষয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।
জীবন ও স্বাধীনতায় মানুষের সংবিধান স্বীকৃত অধিকার বিপন্ন করে বিটি বেগুন কৃষকদের নিকট ছাড়ার পূর্বে এতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি এবং ইকোলোজিকাল ভারসাম্য বিশ্লেষণ ও মূল্যায়নে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চায় আদালত।
কৃষি সচিব, পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কৃষকদের কাছে ছাড়ার আগে কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন (বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত) কর্তৃক নির্ধারিত মানে (স্টান্ডার্ডে) একটি স্বাধীন গবেষণার মাধ্যমে জিন বদলে উৎপাদিত বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না তা নির্ধারণ না করা পর্যন্ত এ বিষযে পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিবাদীদের প্রতি নিষেধাজ্ঞা দেয়া হয়।
কেন ওই পদ্ধতি গবেষণার মাধ্যমে মান নির্ধারণে স্বাস্থ্য সচিব, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
সংবিধানের ১৮ অনুচ্ছেদে উল্লেখিত জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের রক্ষাকবচ সুরক্ষা ও উন্নয়নে বিবাদীদের ব্যর্থতা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে আদালত তা জানতে চেয়েছে।
কনভেনশন অন বায়োলোজিকাল ডাইভারসিটি-১৯৯২ এর ৮ জি ধারা এবং কার্টাজিনা প্রটোকলের ১৬ ধারা অনুসারে আইন ও বিধিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- মর্মেও রুল দেয়া হয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই বিষয়ে দুটি রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলো হাই কোর্টের অন্য একটি বেঞ্চ। যার একটির আবেদনকারী হিসাবে ছিলেন এই রিটের আবেদনকারী সাকিউল মিল্লাত মোরসেদ। এই রিটের আইনজীবী শহিদুল ইসলামও ওই রিটে আইনজীবী হিসাবে ছিলেন।
ওই রিট দায়েরের পর শহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিলেন, বাংলাদেশে প্রায় ৩০ প্রজাতির বেগুন রয়েছে। এর একটি প্রজাতির বেগুনের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যাসিলাস থারিনভেনসিস নামের একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিয়ে বিটি বেগুন করা হয়।
“এই বেগুনকে পোকানিরোধী বেগুন বলে বাজারজাত করা হচ্ছে। আসলেই ওই বেগুনে পোকা ধরে না। কারণ এই বেগুন খেলে পরিপাকতন্ত্র নষ্ট হয়ে মারা যায়।”
