২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পথে শেখ হাসিনা

সাত দিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 10:55 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকার পথে রওনা দেন।

জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

জাতিসংঘের চলতি ৬৮তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ১৩৩ সদস্যবিশিষ্ট দল নিয়ে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসেন শেখ হাসিনা। সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া সংবর্ধনা সমাবেশে যোগ দেন তিনি।

এ সফরে প্রধানমন্ত্রী ‘দারিদ্র্য বিমোচনসহ বাংলাদেশের মানুষের জীবন-মানের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাউথ সাউথ কো-অপারেশন এওয়ার্ড’ গ্রহণ করেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে বিশ্বনেতাদের সর্বাত্মক সমর্থন চেয়েছেন।

এদিকে দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য দেশে ফেরার পর বিমানবন্দরে শেখ হাসিনাকে ‘নাগরিক গণসংবর্ধনা’ দেবে আওয়ামী লীগ।

গত ২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।