২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িক সম্প্রীতিতে চাই বাসযোগ্য পরিবেশ’

সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতিতে বাস করার জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ার কথা বললেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার সন্ধ্যায় রামুর সহিংসতার বছরপূর্তিতে উপজেলার মৈত্রী বিহারে আয়োজিত সুধী সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।

রামুর সহিংসতার পর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে না পারলেও নতুন স্থাপত্যে বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়েছে। এজন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি আরো বলেন, “মানুষ বেঁচে থাকলে বেঁচে থাকা হয় না। এজন্য প্রয়োজন বাসযোগ্য পরিবেশ। ওই সাম্প্রদায়িক হামলায় শুধু বৌদ্ধ সম্প্রদায় নয় আমরা সকলেই ব্যথিত হয়েছি। এরকম আঘাত যেন পৃথিবীর কোনো মানুষকে আর পেতে না হয়।”

“বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। যুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের নারী-পুরুষ একসাথে অংশগ্রহণ করেছি। তাই সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতিতে বসবাস করার জন্য চাই বাসযোগ্য পরিবেশ,” বলেন তিনি।

রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়ার রিকুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, নারীনেত্রী খুশী কবির, অধ্যাপক সলিমুল্লাহ খান, ড. স্বপন আদনান, অধ্যাপক মোশতাক আহমদ, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া।

সাংবাদিক সুনীল বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সদস্য সচিব ঝন্টু বড়ুয়া।

দিনের কয়েকটি অনুষ্ঠান 

বিকাল ৪টায় যুব পরিষদের ব্যানারে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি চৌমুহনী  স্বাধীনতা চত্বর, সীমা বিহার, চেরাংঘাটা বৌদ্ধ মন্দির সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়।

সকালে বিশেষ ধর্ম সভা ও সংঘদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাথের। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি সত্যপ্রিয় মহাথের।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পুরুস্কার দান, বিশ্বশান্তি ও সম্প্রীতি কামনায় সমবেত প্রার্থনা ও স্থিরচিত্র প্রদর্শনী। 

গত বছরের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ফেসবুকে পবিত্র কোরআন অবমাননাকর একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা চালায়। রামুর ১২টি বৌদ্ধ মন্দির ও অন্তত ৩০টি জনবসতিতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়।