২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ৩ আসামি খালাস

পরিকল্পনা কমিশনের কর্মকর্তা ইব্রাহিম কামাল হত্যা মামলায় বিচারিক আদালতে দণ্ডাদেশ পাওয়া তিন আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 08:32 PM

Updated : 27 Mar 2024, 04:52 PM

এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের আদালত এই আদেশ দেয়।

২০০৪ সালের ২২ নভেম্বর ইস্কাটনে মহিলা অধিপ্তরের সামনের রাস্তায় ছুরিকাহত হন পরিকল্পনা কমিশনের কর্মকর্তা ইব্রাহিম কামাল। এরপর তিনি দৌড়ে পাশের হলি ফ্যামিলি হাসপাতালের গেইট পর্যন্ত গিয়ে জ্ঞান হারান। ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

পরে তার ভাই রমনা থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০০৫ সালের ২৬ মে মো. শহিদুল, আব্দুর রশীদ গুড্ডু, মো. জসীম ও মো. শহিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

শহিদুল ও গুড্ডু এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০০৮ সালের ১৫ মে বিচারিক আদালত শহিদ ও গুড্ডুকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া শহিদুল ও জসীমকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এরপর জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির আবেদন হিসাবে বিষয়টি হাই কোর্টে আসে।

হাই কোর্ট গুড্ডুর দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন দিয়ে বাকি তিনজনকেই খালাস দিয়ে দেয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী খবির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন শুনানি করেন।