ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৫ জন গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর ও সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার এ দুই উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন মহেশপুরের কাজীরবেড় ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন আহমেদ, সদরের মারুন্দি গ্রামের আনোয়ার হোসেন, ধনঞ্জয়পুর গ্রামের আতর আলি, ঘোড়শাল গ্রামের শামীম হোসেন ও কুশোবাড়ে গ্রামের মহম্মদ আলি।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর কয়েকহাজার জামায়াত-শিবির সমর্থক মহেশপুর শহরে তাণ্ডব চালায়।
তারা সরকারি কাজে বাধাদান ও হামলা করে পুলিশকে আহত করাসহ মুক্তিযুদ্ধের কারুকার্য ভাঙচুর করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে।
গ্রেপ্তার মহিউদ্দিন এ মামলায় আসামি। বাকি চারজনকে নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
