কবি নূরুল হুদার জন্মদিনে কবিতা-বাসর
জাতিসত্তার কবি হিসেবে পরিচিত কবি মুহম্মদ নূরুল হুদার ৬৪তম জন্মবার্ষকী উদযাপনে কবির কণ্ঠে কবিতা পাঠ ও কবিতার উপরে আলোচনার আয়োজন করেছে মুহম্মদ নূরুল হুদার ৬৫তম জন্মদিন পর্ষদ।
শাহবাগের গণগ্রন্থাগার সেমিনার কক্ষের দোতলায় সোমবার বিকালে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি থাকবেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক ও সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ।
কবিকে শুভেচ্ছা জানাবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কবি আসাদ চৌধুরী, কবি রফিক আজাদ, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি কামাল চৌধুরী, কবি আবু হাসান শাহরিয়ার, কবি আসাদ মান্নান প্রমুখ।
আমন্ত্রিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার পোকখালী গ্রামে জন্মগ্রহণ করেন মুহম্মদ নূরুল হুদা। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, মেধাস্বত্ব, নন্দনতত্ত্ব ও অনুবাদসহ সাহিত্যেও রয়েছে তার বিচরণ।
তিনি বাংলা একাডেমির ফেলো, আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য।
ইংরেজি ছাড়াও বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা।
নিজের কবিতা নিয়ে আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “মানুষের দুঃখকষ্ট, অপূর্ণতা, বিত্তবৈভব বা চিত্তসৌন্দর্য দেশকাল ও সীমানা পেরিয়ে আমার লেখার নিরীক্ষাপ্রবণ কারণ হয়ে ওঠে। এই নান্দনিক ও মানবিক সৌন্দর্যের অন্বেষণই আমার এই সময়ের লেখালেখির মুখ্য উৎস।
“আমি যেমন চলছি একলা, তেমনি চলছি সকলের সঙ্গেও। যে ডাক শোনে তার সঙ্গে আমি তো অবশ্যই আছি, যে ডাক শোনেনি তার সঙ্গেও আমি বিযুক্ত নই। আসলে এই যুক্ততাই আমার লেখালেখির আসল মুক্ততা।”
কবির উল্ল্যেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-- আমরা তামাটে জাতি, জন্মজাতি, মৈনপাহাড়, ব্যাঙকুমার, চাঁদের বুড়ো চাঁদের বুড়ি, ছোটদের বেগম রোকেয়া, ছোটদের মাইকেল মধুসূদন দত্ত, ছোটদের রবীন্দ্র জীবনী, ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, দেখা হলে একা হয়ে যাই, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, সার্ত ও অন্যান্য, সাত ভাই চম্পা, তুমি যদি জালদাস আমি জালদাসি, শুক্লা শাকুন্তলা, আমি একটি খাস প্রজাপাত্র চাই, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, মাটির নিচে কাঠ কয়লা, হাজার কবিতা, বার বছরের গল্প, তেলাপোকা ইত্যাদি।
