হত্যা মামলা: ভাতিজার ফাঁসি, ছেলের যাবজ্জীবন
এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ভাতিজাকে মৃত্যুদণ্ড এবং নিজের দুই ছেলে ও আরেক ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
এছাড়া যাবজ্জীবন দণ্ডিত প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।
রোববার বাগেহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ রায় দেন।
মৃত্যুদণ্ড হয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে খলিলুর রহমানের (৪৫)।
যাবজ্জীবন হয়েছে মোহাম্মদ আলীর আরেক ছেলে মো. সেলিম (৪০) এবং খুন হওয়া আব্দুল লতিফ হাওলাদারের দুই ছেলে শাহ আলম হাওলাদার (৩৫) ও মো. জিরুল হাওলাদার।
রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খলিল ছাড়া অন্যরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, খেজুরবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদার ২০০৩ সালের ৭ মে ফজরের নামাজের সময় নিজ বাড়ির পুকুরে ওযু করতে যেয়ে নিখোঁজ হন। ওইদিন সকালে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক রেজাউল করিম ওই বছরের ১৫ অগাস্ট নিহতের দুই ছেলে ও দুই ভাতিজার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, নিহত আব্দুল লতিফের চারজন স্ত্রী এবং ১৮ জন ছেলেমেয়ে থাকায় পারিবারিক নানা বৈষয়িক সমস্যা ছিল। এ কারণে দুই ছেলে ও দুই ভাতিজা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে।
