মাওয়ায় বেড়েই চলেছে পদ্মার ভাঙন
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে পুরাতন ফেরিঘাটের বেশিরভাগ এলাকা। ভাঙনের অশঙ্কায় রয়েছে মাওয়া নৌপুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গা।
মাওয়া ফাঁড়ির ইনচার্য মো. হাফিজুর রহমান জানান, শনিবার রাতে পুরাতন ফেরিঘাট এলাকার প্রায় দেড়শ’ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ি থেকে পদ্মা এখন ১শ’ ফুট দূরে। কিন্তু এখনো ফাঁড়ি সরিয়ে নেযার বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়নি। চেষ্টা চলছে, বলেন তিনি।
বিআইডব্লিউটিএ পার্কিং ইয়ার্ড, বিভিন্ন অফিস, মাওয়া বন্দর, আবহাওয়া ভবন, বাড়িঘরসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা নদী ভাঙনের আশঙ্কায় রয়েছে বলে তিনি জানান।
গত বছরও নদী ভাঙনের কারণে পুরাতন ফেরিঘাটটি বন্ধ করে কিছুদূরে স্থানান্তর করে নতুন ফেরিঘাট তৈরি করা হয়।
স্থানীয়রা জানান, ৩১ অগাস্ট থেকে মাওয়ায় দফায় দফায় ভাঙন চলছে পদ্মা নদীতে। আবাসিক স্থান থেকে শুরু করে দোকান-পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান সবই সরিয়ে ফেলা হয়েছে ব্যাক্তিগত উদ্যোগে। এরইমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় ৮ হাজার বর্গফুট এলাকা।
