২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু মুক্তিযোদ্ধার ‘জমিতে’ ‘বিরোধের’ মসজিদ

সংখ্যালঘু মুক্তিযোদ্ধার সঙ্গে বিরোধপূর্ণ একটি জমিতে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ওই মুক্তিযোদ্ধাকে ‘একঘরে’ করে দিয়েছেন কুমিল্লার দাউদকান্দির বারইকান্দির এক প্রভাবশালী ব্যক্তি।

সুলাইমান নিলয়

দাউদকান্দি থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 08:51 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শুক্রবার ওই মুক্তিযোদ্ধা রঞ্জিত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের জন্য যুদ্ধ করেছি। জীবন কষ্টে কেটেছে। সেই দেশ স্বাধীন হয়েছে। এই রাষ্ট্রের নিকট এখন আর কিছু চাই না। আমার মায়ের শ্মশান ওই জমিতে। কেবল মায়ের সঙ্গে আমি চিরনিদ্রায় যেতে চাই।

ওই মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দাসের বাড়ি কুমিল্লার দাউদকান্দির উপজেলার বারইকান্দি গ্রামে। রঞ্জিত ও তার পরিবারের অভিযোগ, তাদের সম্পত্তি দীর্ঘদিনের প্রচেষ্টায় কৌশলে দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী মুজিবুর রহমান ভূঁইয়া ও তার ভাইয়েরা। এখন তারা একইভাবে দখলকৃত অন্য সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে একটি অংশ মসজিদে দিয়ে দিচ্ছেন।

এ সব অভিযোগ অস্বীকার করেছেন মুজিবুর রহমান ভূঁইয়া। তবে পাঁচবার একটি প্রশ্ন জিজ্ঞেস করেও তার কোন জবাব মেলেনি মুজিবুর রহমান ভূঁইয়ার কাছে।

‘বিরোধপূর্ণ ১০ শতাংশ জমি’

রঞ্চিত দাস জানান, কুমিল্লার দাউদকান্দির পেন্নাই-বাবুর হাট রোডের বারুইকান্দি জামে মসজিদের রাস্তার বিপরীত দিকে রঞ্জিতের দাদার বাবা রামেশর দাসের ১৫ শতাংশ ডোবা জমি ছিলো। রামেশ্বর দাসের তিন ছেলে। গোবরধন দাস, মুহিম দাস ও হৃদয় দাস। মুহিম দাসের এক ছেলে তাদের অংশ তোতা মিয়া নামে একজনের কাছে বিক্রি করে দেন।

“অন্যদিকে গোবরধন দাসের ছেলে সুরেশদাসের মেয়ে মায়ার কাছ থেকে পাঁচ শতক জমি লিখে নেন মুজিবুর রহমান ভূঁইয়া ও তার দুই ভাই। তারা মায়ার কাছ থেকে বাড়ির ১৩ শতাংশ জমিও লিখে নেন।

হৃদয় দাসের চার ছেলে প্রকাশ দাস, মতিলাল দাস, প্রসন্ন দাস এবং নিশিকান্ত দাস। প্রসন্ন দাস নিশিকান্তের অংশ কিনে নেন। প্রকাশ দাস চলে যান ভারতে। রঞ্জিত দাস এবং সঞ্জিত দাস। প্রসন্নেরও দুই ছেলে নিত্য রঞ্জন দাস এবং স্বপন দাস। স্বপনের অংশটা কিনে নিয়ে পরে তিনি ওই দাগের পুরো সম্পদ মোজাম্মেল নামে এক ব্যক্তির নিকট বিক্রি করে দেন।

“এই জমিতে আমার এবং নিত্য’র দুই শতাংশ জমি রয়েছে। হিন্দু আইনে মায়া সম্পত্তি হস্তান্তর করতে পারে না বলে তার সম্পদেরও প্রকৃত মালিক আমরাই। মুজিবর কেবল মোজাম্মেলের নিকট থেকে নেয়া ২ শতাংশ জমিরই মালিক। কিন্তু তিনি এখন ১০ শতাংশ জমিই দাবি করে তার ৬ দশমিক ৬৬ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফে জমা-খারিজ করতে হলেও তিনি কোনটাই করেননি।”

“মায়ার নিকট থেকে নেয়া বাড়ির সম্পত্তির দখলকে বৈধতা দিতে তিনি এখন এখানকার জমিটা মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন। ভারতে যাওয়া আমাদের কাকা প্রকাশ দাসের বাড়ির সম্পত্তি অর্পিত হয়ে গেছে। যেটার জন্য আমরা আবেদন করেছি। ওই জমিও মুজিবরের দখলে। ওই জমির জন্য আবেদন করার কারণেও তিনি ক্ষেপে গেছেন।”

“এই এলাকাবাসী যদি মনে করেন আমার জমি ছাড়া এই এলাকায় মসজিদ হবে না। তাহলে আমি সেটা দিতে রাজি আছি। তবে সেটা আমার মায়ের শ্মশানকে রক্ষা করেই। আমার জমি আরেকজন মসজিদে দিবে কেন?”

মুজিবর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ১০ শতাংশ জমির পুরোটাই আমার। এখানে তাদের কোন সম্পদ নেই। তারা আমার কাছে ওভার কাওলা দিয়েছে। প্রকৃত জমির চেয়েও বেশি বিক্রি করেছে।

তবে মায়ার থেকে সম্পত্তি লিখে নিয়েছেন কি-না, ৫ বার জিজ্ঞেস করেও তার সুনির্দিষ্ট জবাব মেলেনি। তিনি বলেন, আমি এই সম্পদ মোজাম্মেল এবং রঞ্জিতদের আওলাদদের থেকেই নিয়েছি। এটা নিয়ে বিতর্কে কোন অবকাশ নেই।

‘বিরোধ চলছে মসজিদ নিয়ে’

বারইকান্দি জামে মসজিদ নিয়ে ওই এলাকায় দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। মুজিবর রহমান ভূঁইয়া এবং তার অনুসারীরা একপক্ষে। অন্যদিকে রয়েছেন পুরাতন মসজিদওয়ালা বাড়ির লোকজন।

মুজিবর বলেন, “সরকার রাস্তার জন্য ওই মসজিদের জায়গা একোয়ার করেছে। এরপর আলেমদের মতামত নিয়ে আমরা ওই মসজিদটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমদিকে ওই বাড়ির লোকজনও আমাদের পক্ষেই ছিলেন। তবে স্থানান্তরের জন্য সড়ক ও জনপথ বিভাগ টাকা বরাদ্দ দিলে সেই টাকা খাওয়ার জন্য মসজিদবাড়ির লোকজন সমাজ থেকে সটকে পড়ে। তারা টাকা হাতে পাওয়ার জন্য আলাদা করে আবেদনও করেছে।”

নিজেকে মসজিদ কমিটির সভাপতি দাবি করে তিনি বলেন, তিনি প্রায় দেড়যুগ এই মসজিদের সভাপতি। সমাজের মানুষ তার জমিতে মসজিদ করতে চেয়েছে। তারা দুইভাই জমি দিয়েছি। আরো এক ভাইর অংশ তার ছেলে এসে দিয়ে যাবে।

অন্যদিকে মসজিদ সংলগ্ন বাড়ির বাসিন্দা হাজী আব্দুর রব দাবি করেন, তিনি ওই মসজিদ কমিটির প্রকৃত সভাপতি।

উভয় কমিটির সেক্রেটারি হিসাবে রয়েছেন একই বাড়ির বাসিন্দা ও হাজী আব্দুর রবের ছেলে আরিফ হোসেন।

মজিবুর বলেন, ওই বাড়ির জায়গায় এতোদিন মসজিদ ছিল। তাই আমি তাকে সেক্রেটারি বানিয়েছিলাম। কিন্তু সে এখন টাকার লোভে বাবার কমিটির সেক্রেটারি বলে পরিচয় দিচ্ছে।

মসজিদ নিয়ে থানায় পাল্টাপাল্টি জিডি করেছেন বলেও উভয়পক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

রঞ্জিত রায়ের সন্তান সৌরভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিন্দু আইনে মেয়ে দলিল দিতে পারের না। কিন্তু ওই জায়গাটা তিনি মেয়ের থেকে দলিল নিয়েই করেছেন। সেখানে মসজিদ করে তিনি তার দখলকে সামাজিক বৈধতা দিতে চাচ্ছেন। যাতে একইভাবে দখল করা বাকী ১৩ শতাংশ জমিও তিনি চিরদিন দখলে রাখতে পারেন।

বর্তমান মসজিদ বাড়ির বাসিন্দা ও মসজিদ কমিটির সদস্য মো. বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিন্দুর জমি দখল কইরা মসজিদ করার কতাতো (কথা তো) ইসলামেও নাই। ইসলাম নামাজ রোজা করতে বলছে, কিন্তু হিন্দুর জমি দখল কইরা, শ্মশান ভাইঙা মসজিদ বানানোর উদ্যোগ! এ কেমন নামাজ? এ কেমন ইসলাম?”

“আমাদের পুরাতন মসজিদের ২৫ গজ দূরে তিনি (মুজিবুর) নতুন এই মসজিদ করতে চাচ্ছেন। অথচ পুরাতন ওই মসজিদটি ১৯৬৯ সালে করা হয়েছে। সেখানে নিয়মিত নামাজও হচ্ছে।”

‘আদালতের আদেশের পরও চলছে ভরাট’

ডোবার দুই শতাংশ এবং বাড়ির ৫ শতাংশ জমি নিয়ে রঞ্জিত ও তার ভাই আদালতে মামলাও দায়ের করেছেন। মামলা দায়ের পর গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেয়। আদেশে বিচারক মো. ইকবাল হোসেন ওই ঘটনায় তদন্ত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেন। পাশাপাশি ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।

তবে আবেদনকারীপক্ষ অভিযোগ করেন, আদালতের ওই আদেশের পরও জমিতে ভরাট করে যাচ্ছে ‘দখলদার’ মজিবুর রহমান ভূঁইয়া।

ওই মামলায় বলা হয়, বিবাদীরা বাদীদের বাড়ির ৫ শতক ও দুই শতক ডোবা জোরপূর্বক দখল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডোবা সম্পত্তি বালু দিয়া ভরাটও করতে চাচ্ছেন। 

তবে আদালতের আদেশের পর আর ভরাট হচ্ছে না বলে জানিয়েছেন মুজিবর রহমান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজিবুর রহমান ভূঁইয়া ওই জমিটা দখল করেছে বলে আমার কাছে রঞ্জিত অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে আমি ওই এলাকায় খোঁজ খবর নিয়েছি, অনেকেই বলেছেন, জায়গাটা মূলত রঞ্জিতেরই। এরপর আমি তাদের কাছ থেকে কাগজপত্র চেয়েছি। তারা এখনো কাগজপত্র দেয়নি। দিলে বুঝতে পারবো-জমিটা আসলে কার?

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিন্দু আইনে বাবার সম্পত্তি মেয়েরা হস্তান্তর করতে পারেন না। কেউ করলে সেটা অবৈধ হবে। প্রকৃত উত্তরাধিকাররাই আইনগতভাবে ওই সম্পত্তির মালিক।

‘একঘরে মুক্তিযোদ্ধা’

এদিকে বিরোধের এক পর্যায়ে বর্তমানে নিজেকে একঘরে করে দেয়ার অভিযোগ করেছেন রঞ্জিত রায়। স্থানীয় বারইকান্দি বাজারে (নোয়াগাঁও) ছোট পান-বিস্কুটের দোকান চালান তিনি।

রঞ্জিত রায় বলেন, মুজিবরের লোকজন তার দোকান বয়কট করতে সবাইকে বলে দিয়েছেন। কেউ তার দোকানে আসলে তাকেও বয়কট করার ঘোষণা দিয়েছেন। এ কারণে অনেক মানুষ ভয়ে দোকান থেকে সওদা করে না। বাকি টাকাও কেউ দিচ্ছে না। মুজিবরের কাছেও প্রায় দেড় হাজার টাকা বাকি পড়েছে।

অবশ্য বয়কটের অভিযোগও  অস্বীকার করেন মুজিবর।

‘দেখে নেয়ার হুমকি’

বারইকান্দি বাজারে মোস্তফার দোকানে মুজিবরের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক। মজিবর চলে যাওয়ার পর মহসিন নামে উঠতি বয়সের একটি ছেলে এসে বিভিন্ন প্রশ্ন করে জেরা করেন। ওইখানে ঘটনাক্রমে সঞ্জিত দাস উপস্থিত হয়।

নিজেদের সম্পর্কে আলোচনা শুনে তিনি প্রতিবেদকের সঙ্গে পরিচিত হয়ে কথা বলতে শুরু করেন। ওই সময় মহসিন সঞ্জিত রায়কে উদ্দেশ্য করে বলেন, সন্ধ্যার পর তোমাকে দেখে নেবো।

এ সময় উপস্থিত আরো কয়েকজন সঞ্জিত দাসকে গালি দেন, যা সেখানে উপস্থিত কয়েকজন প্রবীণ লোক থামিয়ে দেন।