২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

তারা হলেন, মো. শাহাবুদ্দিন (২১), মো. মারুফ (২০) ও মো. ওয়াইজ নুর (৪০)।

এ ঘটনায় অপর শ্রমিক মো. এনামকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট চারজনকে হাসপাতালে আনা হয়।

পরে চিকিৎসক এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহত ও নিহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা শ্রমিক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার বেগিং সেকশনে কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

“এরা সবাই অস্থায়ী শ্রমিক হিসেবে কারখানায় কাজ করেন।”

ডিএপি সার কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন।

ডিএপি’র ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী আবদুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেগিং সেকশনে কাজ করার সময় বেল্টে শর্ট সার্কিট হয়ে কয়েকজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত নন বলেও জানান তিনি।