সিরাজগঞ্জে গাছ কাটার সময় গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের এনায়েতপুরে রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে গ্রেপ্তাররা হলেন সৈয়দপুর গ্রামের মজিবর রহমান (৩৫), সরাতৈল গ্রামের হারেজ আলী (৪৮) এবং তার ছেলে রুবেল (১৮)।
প্রায় প্রতিদিন রাতের আধারে এলাকার প্রভাবশালীরা উঠতি বয়সী গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানায়, ২০০৩-০৪ সালে পাবনা বনবিভাগের অর্থায়নে সমবায়ের ভিত্তিতে এনায়েতপুর থেকে পাচিল পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়।
তাদের অভিযোগ, গাছগুলো বড় হয়ে ওঠায় এলাকার প্রভাবশালী হাজী সুলতান মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য সোহেল রানাসহ কয়েকজন বছর খানেক ধরে রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করছেন।
এ ঘটনায় কয়েকটি মামলা ও কয়েকজন আটক হলেও গাছ কাটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এদিকে ইউপি সদস্য সোহেল রানা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, এলাকার সুজাব হোসেন, আহসান হাবীব, আলতাফ হোসেন তাদের সহযোগীদের নিয়ে প্রতিনিয়ত রাতের বেলায় গাছ কেটে সাবাড় করছে। অথচ যড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
হাজী সুলতান মাহমুদও অস্বীকার করে বলেন, “সমিতির লোকজন যোগসাজসে প্রতিনিয়ত কাছ কাটছে। আমি সমিতির সদস্যও নই। গাছ কাটার সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই।”
বনবিভাগের শাহজাদপুর রেঞ্জের ফরেস্টার মইনুল হক জানান, গত ৬ মাস ধরে রাতের বেলায় শত শত ইউক্যালিপটাস গাছ কেটে নেয়া যাচ্ছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় সমিতির সদস্যরা প্রতিবাদ করতে সাহস পায় না।
গাছ কাটার ঘটনায় এ পযন্ত ৫/৬টি মামলা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে জানান তিনি।
এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, আটকরা সড়ক-মহাসড়কে গাছকাটা চক্রের সদস্য। এনায়েতপুর-পাচিল আঞ্চলিক সড়কের শালদাইড়বিল এলাকায় শনিবার ভোরে গাছ কাটার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
এসময় কিছু গাছ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনায় বনবিভাগের শাহজাদপুর রেঞ্জের ফরেস্টার মইনুল হক বাদী হয়ে মামলা করেছেন বলেও তিনি জানান।
