‘ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা মেনে নিন’
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের তৃতীয় জেলা সম্মেলনে এ আহ্বান জাননো হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ সম্মেলনের উদ্বোধন করেন। এরপর একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি লুৎফর রহমান বলেন, আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিপরীতে ছয়শ’ টাকা বাড়াতে চেয়ে মালিকপক্ষ গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে মশকরা করেছেন। তাদের অভিব্যক্তির প্রতি অমর্যাদা দেখিয়েছেন।
দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়াসহ একজন শ্রমিক পরিবার নিয়ে বাঁচতে হলে প্রয়োজন ১১ থেকে ১২ হাজার টাকা।
দেশের বাস্তবতা, মালিকদের স্বার্থ, জাতীয় অর্থনীতি ও শিল্পের কথা বিবেচনা করে দেশের বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদরা আট হাজার টাকা শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করেছেন। এ কারণে শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছে।
তিনি বলেন, রাজপথে নামলেই শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন, গুন্ডাবাহিনীর নির্যাতন চালানো হচ্ছে। নারায়ণগঞ্জে তা সবচেয়ে বেশি।
তিনি হুঁশিয়ার করে বলেন, শ্রমিকরা মানুষ। উস্কানিতে পড়বেন না। উস্কানি দেবেন না। শ্রমিকদের বাধ্য করবেন না আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিতে।
সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ বলেন, যখন নয়শ’ টাকা ন্যূনতম মজুরি চাওয়া হয়েছিল তখনও বলা হয়েছিল গার্মেন্ট শেষ হয়ে যাবে। যখন তিন হাজার টাকা মজুরি নির্ধারণ হয় তখনও বলা একই কথা বলা হয়েছিল। এখন আট হাজার টাকার বেলায়ও একই কথা বলা হচ্ছে।
“গার্মেন্ট আমরা শেষ হতে দেখিনি, বরং যার একটা গার্মেন্ট ছিল তার দুইটা হতে দেখেছি,” বলেন তিনি।
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা এককভাবে আন্দোলন করবেন না। ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন।
সংগঠনের জেলা সভাপতি এমএ শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সাদিকুর রহমান শামীম, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, দুলাল সাহা, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন, নুরুল ইসলাম, ইলিয়াছ আহমেদ নিপু প্রমুখ।
