২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংকট নিরসনের দাবি না’গঞ্জবাসীর

গ্যাস সংকট নিরসন না করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিল নেয়ার প্রতিবাদে মাটির ও কেরোসিনের চুলা নিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার বিকালে বিক্ষোভের পর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, সোনারগাঁ উপজেলার নেতা বেলায়েত হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, গত চার বছরেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জবাসী তীব্র গ্যাস সংকটে ভুগছে। সারাদিন গ্যাস থাকে না। গভীর রাতে কিছুক্ষণ থাকে। ফলে রাত জেগে রান্না করতে গিয়ে গৃহিনীরা অসুস্থ হয়ে পড়ছেন। অনেক পরিবার হোটেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে।

লাকড়ির চুলা, কেরোসিনের চুলা, বৈদ্যুতিক চুলাসহ বিভিন্ন প্রক্রিয়ায় রান্না করতে গিয়ে ৫/৬ গুণ বেশি খরচ গুনতে হচ্ছে নগরবাসীর। ফলে সংসারের ব্যয় বৃদ্ধি ও রান্নার ভোগান্তিতে পড়ে মানুষ হিমশিম খাচ্ছে।

দীর্ঘদিন যাবত গ্যাস সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

অবিলম্বে গ্যাস সমস্যার সমাধান না করলে নারায়ণগঞ্জের জনগণকে নিয়ে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে মাটির চুলা ও কেরোসিনের চুলা নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।