২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েটদের তালিকা নিয়ে রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের ভোটার তালিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের ভোটার তালিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এই রুল জারি করে।

১০ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এএসএম আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকারেরসহ সিনেট নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী ৫ প্রার্থীর পক্ষে ব্যারিস্টার বেলায়েত হোসেন চলতি সপ্তাহের প্রথম দিকে রিট আবেদনটি দায়ের করেন।

তিন ধাপের ওই নির্বাচনে প্রথম দুই দফায় গত ১৪ এবং ২১ সেপ্টেম্বর নির্বাচন হয়েছে। ২৮ সেপ্টেম্বর তৃতীয় দফা নির্বাচন হবে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশ্ববিদ্যালয়ের পক্ষে এএফএম মেজবাহ উদ্দিন শুনানি করেন।

বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত দুই দফায় দেখা গেছে, ২৫-৩০ শতাংশ ভোটার কার্ড পায়নি। অন্যদিকে অনেকে ডাবল কার্ড পেয়েছে। এ কারণে আমরা হাই কোর্টে এসেছি। আদালত শুনানি করে রুল দিয়েছে।”