কুমারখালীতে হরতাল ডেকে মাঠে নেই জামায়াত
স্থানীয় এক নেতার মুক্তি দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে হরতাল ডাকলেও তার সমর্থনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
কুমারখালী থানার ওসি রাম প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার জামায়াতের ডাকা আধাবেলার হরতালে পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোথাও কোন নাশকতার ঘটনা ঘটেনি।
কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও বাগুলাট ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিনের মুক্তির দাবিতে বৃস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডাকে জামায়াত।
হরতালের কারণে কুমারখালীতে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেখান থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
গত ২২ সেপ্টেম্বর জামায়াত নেতা সামসুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কারাফটক থেকে আটক করে তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
