সাভারে বাস-ক্যাব সংঘর্ষে নিহত ১
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাস ও টেক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (৩৮) সাভারের সাদাপুর এলাকার কাজীপাড়া মহল্লার আহম্মেদ আলীর ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সেফটি পরিবহনের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে রাস্তার ওপর ঘোরার সময় ঢাকা থেকে সাভারের দিকে আসা একটি টেক্সিক্যাবের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এতে টেক্সিক্যাবের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই মারা যান সালাম।
ক্যাবের আরোহী মো. সালাউদ্দিন (২৫), নূর হোসেন (৩৪), সুমন মিয়া (২২) ও মো. সোহেলকে (২৮) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই ফরিদ জানান, এ দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাহনদুটি সড়ক থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
