খুলনার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান মনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার সকাল ১১টায় নগর ভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমদ তপনের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।
অনুষ্ঠানে মেয়র মনিরুজ্জামান মনি বলেন, “নির্বাচনের সময় নগরীর উন্নয়ন এবং নগরবাসীকে সেবাদানের যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করব।”
অনাড়ম্বর এ অনুষ্ঠানে বিদায়ী কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কেসিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৫ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে প্রায় ৬২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ২১ জুলাই মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
