গাজীপুরে গ্যাস গান লুট, পুলিশ আহত
গাজীপুরে আনসারের বন্দুক ছিনিয়ে নেয়ার দুদিন পর পুলিশের গ্যাস গান ছিনিয়ে নিল পোশাক শ্রমিকরা।
বুধবার সদর উপজেলার জিরানীর পার্শ্ববর্তী পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের হামলায় কয়েকজন পুলিশ কনস্টেবল আহত হন।
ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে সকালে মাছিহাতা পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ এবং শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়।
শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আব্দুস সাত্তার জানান, মঙ্গলবারে শ্রমিক অসন্তোসের ফলে কর্তৃপক্ষ রাতে মাছিহাতা কারখানাটি পরদিনের জন্য বন্ধ করে দেয়। সকালে শ্রমিকরা এসে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ শুরু করে।
সকাল পৌনে ৯টার দিকে পাশের তুরাগ কারখানাসহ আশেপাশের কয়েকটি কারখানায় ভাংচুর করে এবং পাশে নবীনগর-কালিয়াকৈর সড়কে অবরোধ করে।
এসময় পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
এসময় শ্রমিকরা শিল্প পুলিশের চার সদস্যের উপর হামলা চালিয়ে কনস্টেবল মো. ফিরোজের হাতে থাকা একটি গ্যাস গান ছিনিয়ে নেয়।
এ সময় ফিরোজ, শ্যামলসহ চার কনস্টেবল আহত হন।
এক পর্যায়ে পুলিশ বেশ কয়েকরাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত পুলিশ কনস্টেবলদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে গানটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রন্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ।
এর আগে সোমবার সকালে একই দাবিতে বিক্ষোভ চলাকালে শ্রমিকরা ভোগড়া বাইপাস এলাকার পোশাক কারখানা কলোসাস এপারেলসের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ১৩৩ রাউন্ড গুলিসহ ৮টি রাইফেল ছিনিয়ে নেয়।
এসব অস্ত্র ও গুলির মধ্যে ঘটনার দিন ক্ষতিগ্রস্ত চারটিসহ আটি রাইফেল উদ্ধার হয়। পরদিন ঘটনাস্থলের আশপাশে এলাকা থেকে ৩৯ রাউন্ড গুলি উদ্ধার হয়।
