রাবি ভর্তির আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৬ অক্টোবর।
এর আগে সংবাদ মাধ্যমে কর্তৃপক্ষের দেয়া বিজ্ঞপ্তিতে এ সময়সীমা ছিল ১০ অক্টোবর।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে জনসংযোগ দপ্তর ভুল হয়েছে বলে জানায়। শিগগিরই পত্রিকায় সংশোধন বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গত ১২ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রাথমিক আবেদনের তারিখ ছিল ১৮ সেপ্টম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। সেই অনুযায়ী সংবাদ মাধ্যমগুলোতে খবরও প্রকাশিত হয়।
কিন্তু এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও পত্রিকায় বিজ্ঞপ্তিতে প্রাথমিক আবেদনের সর্বশেষ সময়সীমা ৬ অক্টোবর বলে বলা হয়।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি।
এর আগে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল বলা হলে তিনি বলেন, “ওটা তাহলে আমাদের ভুল হয়েছে। খুব শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই সময়সীমা সংশোধন করা হবে।”
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ অক্টোবর পর্যন্তই প্রাথমিক আবেদন গ্রহণ করা যাবে।
জনসংযোগ দপ্তরের তথ্যের কথা জানালে তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগের সময়সীমার (১০ অক্টোবর) পরিবর্তন আনা হবে।
