সিলেটে দিনে ডাকাতি
সিলেট নগরীর শাহজালাল উপশহরের একটি বাসায় দিনে কলিংবেল চেপে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এ ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, বিকালে সৌদী প্রবাসী শামীম আহমদের উপশহরের ই ব্লকের ১ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় ডাকাতরা গিয়ে কলিংবেল চাপে।
প্রবাসীর স্ত্রী লিলি বেগম দরজা খুলে দিলে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন সেট নিয়ে যায় ডাকাতরা।
এর আগে গত শুক্রবার বিকেলেও ওই বাসায় ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
