‘ওয়াশিং মেশিনে ফেলে খুন’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার ওয়াশিং মেশিনে ফেলে এক শ্রমিককে খুনের অভিযোগে তার সহকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার এ ঘটনায় মৃত উজ্জ্বল (১৬) ভান্নারা এলাকার ‘চায়না কিচেন ওয়্যার ইন্ডাস্ট্রিজ’র শ্রমিক।
তার আটক সহকর্মীর নাম আবু বকর (২০)। এছাড়া আরেকজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, সকালে কারখনার ভেতরে উজ্জ্বল ও মো. খলিল (২৮) একে অপরকে ঢিল ছোড়াছুড়ি করছিলেন।
এক পর্যায়ে উজ্জ্বলকে কোলে তুলে নিয়ে খলিল পাশের ওয়াশিং মেশিনের ভেতরে ফেলে মেশিনটি চালু করে পালিয়ে যায়।
মেশিনের ভেতরে পড়ে উজ্জ্বলের মাথা ও মুখমন্ডল থেঁতলে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এরপর সহকর্মীরা আবু বকরকে আটক করে পুলিশে দেয়।
উজ্জ্বল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিবপুর সেনেরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে। তার লাশ দুপুরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
