যুদ্ধাপরাধ: কায়সারের মামলায় অভিযোগ দাখিল ২৪ অক্টোবর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে আগামী ২৪ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দোখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এ আদেশ দেয়।
প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সৈয়দ কায়সারের বিরুদ্ধে অভিযোগ অথবা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন সোমবার ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। তবে তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন এর এক দিন আগে।
প্রসিকিউটর রানা দাসগুপ্ত সোমবার ট্রাইব্যুনালকে বলেন, “আজ অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আমরা গতকাল তদন্ত সংস্থা থেকে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন পেয়েছি। তাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমাদের সময় প্রয়োজন।”
তার আবেদন শুনে আগামী ২৪ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করে দেন বিচারক।
সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মোট ৯ ধরনের অপরাধে ১৬টি ঘটনায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের মতো অভিযোগ।
তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, গত বছরের ২৮ মার্চ তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। তদন্ত শেষ হয় এবছরের ২১ সেপ্টেম্বর। তদন্তকালে ৮১ জনের জবানবন্দি নেয়া হয়।
সৈয়দ কায়সারের বাবা সৈয়দ সঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। সৈয়দ কায়সার ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে তাদের পক্ষ নেন কায়সার। মুক্তিযুদ্ধের সময় প্রায় ৫০০ থেকে ৭০০ জন স্বাধীনতাবিরোধীকে নিয়ে তিনি নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন।
তদন্ত সংস্থা জানায়, সৈয়দ কায়সার পাকিস্তানী সেনাবাহিনীকে পথ দেখিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে স্বাধীনতার পক্ষের লোক এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাতেন। পরে দেশ স্বাধীন হওয়ার ঠিক আগে তিনি আত্মগোপন করেন।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৮ সালে আবারো রাজনীতিতে আসেন কায়সার। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন তিনি। পরে তিনি বিএনপিতে যাগ দেন এবং দলের হবিগঞ্জ শাখার সভাপতি হন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় পার্টিতে যোগ দেন কায়সার। ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
