২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কায়সারের বিরুদ্ধে ১৬ অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ আনছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ ‍টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।

এর আগে ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সমন্বয়ক আব্দুল হান্নান খান তদন্ত শেষ হওয়ার ঘোষণা দেন। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক ও মনোয়ারা বেগমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মোট নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

আব্দুল হান্নান খান জানান, গত বছরের ২৮ মার্চ জাতীয় পার্টির এই নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষ হয় গত ২১ সেপ্টেম্বর। তদন্তকালে ৮১ জনের জবানবন্দি নেয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আত্মীয় সৈয়দ কায়সারের বাবা সৈয়দ সঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে মুসলিম লীগের হয়ে এমএলএ নির্বাচিত হন। আর কায়সার ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে তাদের পক্ষ নেন কায়সার। মুক্তিযুদ্ধের সময় প্রায় ৫০০ থেকে ৭০০ জন স্বাধীনতাবিরোধীকে নিয়ে তিনি নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন।

তদন্ত সংস্থা জানায়, সৈয়দ কায়সার পাকিস্তানী সেনাবাহিনীকে পথ দেখিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে স্বাধীনতার পক্ষের লোক এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাতেন। পরে দেশ স্বাধীন হওয়ার ঠিক আগে তিনি আত্মগোপন করেন।

১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৮ সালে আবারো রাজনীতিতে আসেন কায়সার। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন তিনি। পরে তিনি বিএনপিতে যাগ দেন এবং দলের হবিগঞ্জ শাখার সভাপতি হন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় পার্টিতে যোগ দেন কায়সার। ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

কায়সারের বিরুদ্ধে অভিযোগ

ক. ১৯৭১ সালের ২৭ এপ্রিল সৈয়দ মো. কায়সার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থেকে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, অত্যাচার ও গুরুতর জখমের ঘটনা ঘটান।

খ. একই দিন হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় তারা একটি বাজারসহ গ্রামের অসংখ্য বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং অনেক লোককে হত্যা করে।

গ. ২৮ এপ্রিল সৈয়দ কায়সার পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে একটি বাজারসহ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে লুটপাটসহ বহু বাড়িঘর ও বাজার পুড়িয়ে দেয়।

ঘ. পরদিন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় পাকিস্তানি বাহিনীকে নিয়ে অভিযান চালিয়ে দুই জনকে আটক, অত্যাচার ও হত্যা করেন কায়সার।

ঙ. ৩০ এপ্রিল কায়সার হবিগঞ্জ সদর থানা এলাকায় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে অভিযান চালান এবং বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করেন।

চ. মে মাসের মাঝামাঝি সময়ে আসামি সৈয়দ কায়সার পাকিস্তানিদের নিয়ে চুনারুঘাট থানা এলাকায় অভিযানে যায়। সেখানে এক সাঁওতালি নারীকে ধর্ষণ করে।

ছ. ১৫ মে কায়সার তার লোকজন ও সেনা নিয়ে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আটজনকে হত্যা করেন।

জ. ২৯ মে কায়সার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে অপহরণ করে দীর্ঘদিন নির্যাতনের পর হত্যা করেন।

ঝ. ১৬ জুন কায়সারের নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা হবিগঞ্জ সদর থেকে একজনকে অপহরণ করে। পরে পাকিস্তানি সেনা সদস্যরা তাকে হত্যা করে।

ঞ. ২৩ জুন সৈয়দ কায়সার নাসিরনগর থানা এলাকায় নিজের লোকজন নিয়ে বিভিন্ন গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ চালায় এবং লোকজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পর একজনকে হত্যা করে।

ট. ১৯৭১ সালের অগাস্টে কায়সার মাধবপুর থানা এলাকায় নিজের লোকজন ও পাকিস্তানি বাহিনীকে নিয়ে অভিযান চালিয়ে অপরহরণ, নির্যাতন ও ধর্ষণ ঘটায়।

ঠ. ১৮ অগাস্ট কায়সার ও তার বাহিনী চুনারুঘাট চা বাগান এলাকায় অভিযান চালিয়ে চারজন মুক্তিযোদ্ধাকে আটক করে নির্যাতন চালায় এবং সবাইকে হত্যা করে লাশ কুয়ায় ফেলে দেয়।

ড. ২৯ অগাস্ট কায়সার তার বাহিনীসহ মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন মুক্তিযোদ্ধাকে আটক করে অত্যাচারের পর হত্যা করে।

ঢ. ১৯৭১ সালের অক্টোবর মাসের মাঝামাঝি একদিন কায়সার তার বাহিনীসহ মাধবপুর থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক মুক্তিযোদ্ধাকে অপহরণ এবং নির্যাতনের পর তাকে হত্যা করে।

ণ. ১৫ নভেম্বর কায়সার তার বাহিনী ও পাকিস্তানি সেনাদের নিয়ে নাসিরনগর থানা এলাকার ২০/২২টি গ্রামে শতাধিক লোককে হত্যা করেন এবং বাড়ীঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই রাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে আদালতের আদেশে তাকে পাঠানো হয় কারাগারে।

গত ৪ অগাস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।

পুরনো খবর:

৬ শর্তে কায়সারের জামিন