২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সোমবার রাতে সচিবালয়ে এক বৈঠকে রাজপথে জ্বালাও-পোড়াও বাদ দিয়ে শ্রমিকদের মঙ্গলবার থেকে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 01:29 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে শ্রমিকদের অবরোধ-ভাংচুর চলার পর মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুপুরে এক দফা বৈঠক করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজহান খান।

এরপর রাতে পুনরায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ যথাযথ পাওনা পরিশোধে মালিকরা অঙ্গীকার করেছে। আমি আশা করছি, শ্রমিকরা আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করবেন।”

গত তিন দিন ধরে গাজীপুর, সাভার ও রাজধানী ঢাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ চালিয়ে আসছে। তাদের অবরোধের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা এবং সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বিঘ্নিত হয় রাজধানীর মালিবাগ, নাবিস্কো মোড় ও মহাখালী এলাকাতেও।

গুজব ছড়িয়ে শ্রমিকদের উত্তেজিত করা হচ্ছে দাবি করে এত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন নৌমন্ত্রী শাজাহান খান।

“গুজব ছড়িয়ে গাড়ি ভাংচুর করা হচ্ছে, জ্বালাও-পোড়াও করা হচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, এসব কারা করছে। সে তথ্য আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

দেশের প্রধান রপ্তানি পণ্যে এই খাত স্থিতিশীল রাখতে সরকারের অবস্থান কঠোর বলে জানান শাজাহান খান।

শ্রমিকদের দাবির বিষয়ে তিনি বলেন, সভায় নির্ধারিত সময়ের আগে মজুরি বোর্ড বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মজুরি বোর্ড বাস্তবায়নের শেষ সময়।

“নভেম্বরের মধ্যে নতুন মজুরি বোর্ড বাস্তবায়নের জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে। মালিকরাও সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।”

পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খান বলেন, মজুরি বোর্ড যে বেতন কাঠামো ঘোষণা করবে, তা মেনে নেয়ার প্রতিশ্রুতি শ্রমিক-মালিক উভয় পক্ষই দিয়েছেন।

আড়াই ঘণ্টার এই বৈঠকে শ্রমিকদের ঈদের আগের বেতন-বোনাস, মজুরি বোর্ড বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শ্রম সচিব মিকাইল শিপার ছিলেন। পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকও ছিলেন বৈঠকে। 

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এ মান্নান কচি, সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, সহ-সভাপতি মো. হাতেম, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন।

এর আগে দুপুরে সচিবালয়ে এক দফা বৈঠকের পর শাজাহান খান বলেন, পোশাক খাতে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ সনাক্ত করতে প্রতিটি কারখানায় মালিক-শ্রমিকদের ‘সোর্স’ নিয়োগ দেয়া হচ্ছে।

দুপুরের বৈঠকে থাকা শ্রমিক নেতা মণ্টু ঘোষ ন্যূনতম মজুরি ৮ হাজার ১০০ টাকা নির্ধারণের দাবি তুলে ধরেন। তবে দাবি আদায়ে ভাংচুরের বিপক্ষে অবস্থান জানান তিনি।

রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পোশাক শিল্পের শ্রমপরিবেশ নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে গত মে মাসে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে মজুরি বোর্ড গঠন করে সরকার।

Image
রাজধানীর মহাখালী-গুলশান লিংক রোডে সোমবার সকালে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর মহাখালী-গুলশান লিংক রোডে সোমবার সকালে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ন্যূনতম বেতন ৩ হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেছে, যাতে ঘোর আপত্তি রয়েছে শ্রমিকদের।

এদিকে সোমবার বিকালে বাংলাদেশের পোশাক শিল্পের ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ তাদের অন্তর্ভুক্ত কারখানাগুলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পরিদর্শন শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।

সোমবার ক্রেতাজোটের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ নেতারা একথা জানান।

বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম সাংবাদিকদের বলেন, “নভেম্বর থেকে অ্যাকর্ড কারখানা পরিদর্শন শুরু করবে বলে জানিয়েছে। এক বছরের মধ্যেই এ পরিদর্শন কার্যক্রম শেষ হবে।”

কারখানার নিরাপত্তা জোরদারে দু’ধরনের তহবিলের ব্যবস্থা নিয়েছে অ্যাকর্ড। তাছাড়া পরিদর্শনের একটি মানদণ্ড এই মাসের শেষেই বিজিএমইএকে জমা দেবে অ্যাকর্ড। তারপর এর অভিন্ন মানদণ্ড তৈরিতে বাংলাদেশ সরকার ও আইএলও তা পর্যালোচনা করবে।

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন ও কর্মপরিবেশ উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করে উত্তর আমেরিকা ও ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠনগুলো।

উত্তর আমেরিকার ক্রেতা জোট ‘দ্য অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’তে আছে ২২টি প্রতিষ্ঠান। ইউরোপীয় ক্রেতা জোট ‘দ্য অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’-এ আছে প্রায় ৮৪টি ক্রেতা প্রতিষ্ঠান।

পুরনো খবর:

শ্রমিক অসন্তোষ, শতাধিক কারখানা ছুটি
‘বিশৃঙ্খলাকারীদের ধরতে গার্মেন্টে সোর্স নিয়োগ’