শ্রমিক অসন্তোষ, শতাধিক কারখানা ছুটি
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ করেছে গাজীপুর, সাভার ও রাজধানী ঢাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
তাদের অবরোধের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা এবং সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বিঘ্নিত হয় রাজধানীর নাবিস্কো মোড় এলাকাতেও।
গাজীপুরের একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আটটি রাইফেলও লুট করে শ্রমিকরা। এর মধ্যে চারটি রাইফেল তারা ভেঙে পুড়িয়ে দেয়। বাকি চারটি পরে উদ্ধার করে আনসার।
বিশৃঙ্খলা এড়াতে গাজীপুর ও সাভারের দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঢাকা
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকার বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিকরা সকাল ১০টার দিকে রাস্তায় নেমে আসে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়। তাদের অবরোধের কারণে গুলশান-তেজগাঁও লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১১টার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে বিপ্লব কুমরার সরকার জানান।
এদিকে নাবিস্কোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরপরই বিক্ষোভ শুরু হয় মহাখালীতে। তিতুমীর কলেজের কাছে অনন্যা গার্মেন্টের শ্রমিকরা সড়কে নেমে আসে মিছিল শুরু করলে যান চলাচল বিঘ্নিত হয় বলে মহানগর পুলিশের গুলশান এলাকার উপ কমিশনার লুৎফুল কবীর জানান।
প্রায় একই সময়ে বনানী এলাকাতেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।
গাজীপুর
জয়দেবপুর থানার উপ পরিদর্শক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোর্ড বাজার, বড়বাড়ি, ভোগড়া, সাইনবোর্ড, তেলিপাড়াসহ আশেপাশের বিভিন্ন গার্মেন্ট কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে সড়কে নেমে আসে এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।
পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে যোগ দিতে থাকে।
এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বলে টঙ্গীর ওসি আবুল কালাম আজাদ জানান।
প্রায় একই সময়ে নাওজোড় এলাকার দিগন্ত স্যুয়েটার্সের সামনে শ্রমিকরা অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ি শিল্প এলকার ইন্টার স্টপ, তুশুকা গার্মেন্ট, ইন্টার লিংক, সান মুন, নাওজোড় এলাকার দিগন্ত স্যুয়েটার্স, ভোগড়ার বলমন্ট ফ্যাশনস, মেনস ট্রাস্ট, গাজীপুর সদরের তিন সড়ক এলাকার স্পেরো অ্যাপারেলস, টঙ্গীর প্রিন্স অ্যাপারেলস, যমুনা অ্যাপারেলসসহ অর্ধশতাধিক কারখানার শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভ অবরোধ চলাকালে টঙ্গীতে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাক-ময়মনসিংহ মহাসড়েকের বোর্ড বাজার, সাইনবোর্ড, চন্দনা চৌরাস্তা ও নাওজোড় এলাকাতেও বিক্ষিপ্ত যানবাহন ভাংচুর এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক কারখানার কর্তৃপক্ষ সোমবারের জন্য গার্মেন্ট ছুটি ঘোষণা করে বলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. কবীর হোসেন জানান।
পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা ১১টার দিকে দুই মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে বাইপাস এলাকায় কলোসাস অ্যাপারেলস কারখানার পাশে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে রাইফেল লুট করে ভেঙে আগুনে পোড়ায় শ্রমিকরা।
ধান গবেষণা ইন্সটিটিউট আনসার ক্যাম্পের ইনচার্জ মো. নাসির আহমেদ জানান, বিভিন্ন কারখানার আন্দোলনরত শ্রমিকরা সকালে কলোসাসের বাইরে এসে কর্মীদের বিক্ষোভে যোগ দিতে বলে। তাতে সাড়া না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানায় ভাংচুর শুরু করে এবং এক পর্যায়ে পাশের আনসার ক্যাম্পে চড়াও হয়।
এ সময় তারা ক্যাম্প থেকে আটটি রাইফেল ও ১৩৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় এবং এরপর কলোসাল গার্মেন্টের সামনের রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে চারটি রাইফেল ভেঙে আগুন ধরিয়ে দেয়া হয়। আর বাকি চারটি পরে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় বলে নাসির আহমেদ জানান।
তিনি জানান, শ্রমিকরা তাণ্ডব চালিয়ে রাইফেল পুড়িয়ে দেয়ার অনেক পরে পুলিশ আসে। তখন শ্রমিকরাও ওই এলাকা ত্যাগ করে।
হামলায় আহত আনসার সদস্য মো. রোকনুজ্জামান (৩০), আবু রায়হান (২৫), ক্যাম্প কমান্ডার আপন মোল্লা (৩২), শেখর কুমার (২৭) ও মাহালমকে (২৫) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আনসারের গাজীপুর জেলা কমান্ডার মীর আলমগীর হোসেন, ধান গবেষণা ইনস্টিটিউট আনসার ক্যাম্পের ইনচার্জ মো. নাসির আহমেদ ও গাজীপুর সদর উপজেলা আনসারের কর্মকর্তা নূর মোহাম্মদ পরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাভার
গাজীপুরের মতো সাভার পৌর এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং ভাংচুরের চেষ্টা চালায়। ফলে অর্ধশতাধিক কারাখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পৌর এলাকার শিল্প পুলিশের এসআই ওমর ফারুক জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ঢাকা-আরিচা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত দশজন শ্রমিক আহত হন।
এই পরিস্থিতিতে পৌর এলাকার উলাইল ও কর্ণপাড়া এলাকার আল ইসলাম গার্সেন্টস, আনলিমা ডাইয়িং, স্ট্যান্ডার্ড গ্রুপ, প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড, ঝুমকা গর্সেন্টস, সুরমা গার্মেন্টস, ওফাজউদ্দিন স্পিনিং মিল, প্যারাগন গার্মেন্টস এবং দুধখেন্দুরিয়াপুর এলাকার জেকে গ্রুপের জেকে ফেব্রিক্স লিমিটেড, জেকে নিট কম্পোজিট লিমিটেড, তনিমা নিট কম্পোজিট লিমিটেডে সোমবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকরা।
দুপুরে অসন্তোষ শুরু হয় আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন কারখানায়।
আশুলিয়া জোনের শিল্প পুলিশের উপসহকারী পরিচালক আবদুস সাত্তার জানান, জিরাব থেকে বিশ মাইল পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত অন্তত ৩৫টি কারখানার শ্রমিকরা সকালে স্বাভাবিকভাবেই কাজ করেন। পরে দুপুরের খাবার খেয়ে এসে কাজ শুরু করলে বেলা ২টার দিকে ‘বহিরাগত’ কিছু শ্রমিক তাদের উস্কে দেয় এবং কারখানা থেকে বের করে আনে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার জানালায় ঢিল ছোড়ে বলেও জানান তিনি।
এক পর্যায়ে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাস্কট গ্রুপ, আইরিশ ফ্যাশন, রেডিয়ামস গ্রুপ, অরুনিমা স্পোর্টস ওয়্যার, রাতুল ফ্যাশনসহ প্রায় ৩৫ কারখানায় ছুটি দিয়ে দেয় মালিকপক্ষ।
এর আগে দুপর ১টার দিকে পৌর এলাকার রাজাসন রোডের ‘সাভার টেক্সটাইলের’ শ্রমিকরা মিছিল করতে করতে কারখানা থেকে বেরিয়ে আসে। আজিম গ্রুপের ‘জিকে গ্রুপের’ কারখানার সামনে গিয়ে ঢিল ছোড়ে তারা। তবে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
রাজাসন এলাকার সড়কে শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
বিকেলের দিকে পুলিশ জানায়, ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রোববারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আর শনিবার ঢাকায় সমাবেশে যোগ দিতে বাধা পাওয়ার অভিযোগ এনে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। অসন্তোষের কারণে গাজীপুর বোর্ড বাজারসহ আশপাশের এলাকার অর্ধশতাধিক কারখানায় ওই দিন ছুটি ঘোষণা করা হয়।
গত মে মাসে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে মজুরি বোর্ড গঠন করে সরকার।
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ন্যূনতম বেতন তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেছে। তবে এ শিল্পের শ্রমিক সংগঠনগুলো আট হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে তারা।
সরকারের মজুরি বোর্ড ইতোমধ্যে উভয়পক্ষকে নিয়ে কয়েকটি বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
পোশাক খাতে অস্থিতিশীলতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রোববার এক বিবৃতি দিয়েছে, যাতে দ্রুত একটি ‘ন্যায্য’ মজুরি কাঠামো ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি।
বিবৃতিতে বলা হয়, “পোশাক শিল্প ও শ্রমিকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে একটি ন্যায্য মজুরি কাঠামোর প্রতি এফবিসিসিআই পূর্ণ সমর্থন করে। কেননা শ্রমিকরাই উৎপাদনের মূল কারিগর।”
