সাভারেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার পৌর এলাকা ও আশুলিয়ার প্রায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া জোনের শিল্প পুলিশের উপসহকারী পরিচালক আবদুস সাত্তার জানান, আশুলিয়ার জিরাব থেকে বিশ মাইল এলাকা পর্যন্ত প্রায় ৩৫টি কারখানায় সোমবার দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়।
এর আগে সাভার পৌর এলাকায় অন্তত ১১টি কারখানায় ছুটি দেয়া হয় বলে জানান শিল্প পুলিশের এসআই ওমর ফারুক।
মালিকপক্ষের বরাত দিয়ে শিল্প পুলিশ কর্মকর্তা আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরাব থেকে বিশ মাইল পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত অন্তত ৩৫টি কারখানার শ্রমিকরা সকালে স্বাভাবিকভাবেই কাজ করেন। পরে দুপুরের খাবার খেয়ে এসে কাজ শুরু করলে বেলা ২টার দিকে ‘বহিরাগত’ কিছু শ্রমিক তাদের উস্কে দেয় এবং কারখানা থেকে বের করে আনে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার জানালায় ঢিল ছোড়ে বলেও জানান তিনি।
এক পর্যায়ে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাস্কট গ্রুপ, আইরিশ ফ্যাশন, রেডিয়ামস গ্রুপ, অরুনিমা স্পোর্টস ওয়্যার, রাতুল ফ্যাশনসহ প্রায় ৩৫ কারখানায় ছুটি দিয়ে দেয় মালিকপক্ষ।
এর আগে দুপর ১টার দিকে পৌর এলাকার রাজাসন রোডের ‘সাভার টেক্সটাইলের’ শ্রমিকরা মিছিল করতে করতে কারখানা থেকে বেরিয়ে আসে। আজিম গ্রুপের ‘জিকে গ্রুপের’ কারখানার সামনে গিয়ে ঢিল ছোড়ে তারা। তবে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
রাজাসন এলাকার সড়কে শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
পৌর এলাকার শিল্প পুলিশের এসআই ওমর ফারুক জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ঢাকা-আরিচা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বিঘ্নিত হয়।
পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত দশজন শ্রমিক আহত হন।
এই পরিস্থিতিতে সাভার পৌর এলাকার উলাইল ও কর্ণপাড়া এলাকার আল ইসলাম গার্সেন্টস, আনলিমা ডাইয়িং, স্ট্যান্ডার্ড গ্রুপ, প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড, ঝুমকা গর্সেন্টস, সুরমা গার্মেন্টস, ওফাজউদ্দিন স্পিনিং মিল, প্যারাগন গার্মেন্টস এবং দুধখেন্দুরিয়াপুর এলাকার জেকে গ্রুপের জেকে ফেব্রিক্স লিমিটেড, জেকে নিট কম্পোজিট লিমিটেড, তনিমা নিট কম্পোজিট লিমিটেডে সোমবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকরা।
বিকেলের দিকে পুলিশ জানায়, ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একই দাবিতে সকালে গাজীপুরেও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। তাদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিশৃঙ্খলা এড়াতে সেখানেও ছুটি ঘোষণা করা হয় শতাধিক কারখানায়।
