২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকা থেকে গার্মেন্টসের সুতা ভর্তি ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এরা হলেন- আবদুর রহিম (২৪) ও এমডি বেলাল (৩০)।

সোমবার বিকালে নিজেদের ‘আইনের লোক’ পরিচয় দিয়ে ট্রাকভর্তি তিন হাজার ১৩০ কেজি সুতা ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

তিনি জানান, কালুরঘাট শিল্প এলাকার বেইস টেক্সটাইল থেকে ট্রাকে করে সুতা নিয়ে মিয়াখান নগরে অবস্থিত ইউনিক থ্রেড অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিতে যাওয়ার পথে তিন জন ট্রাকটি আটকায়। নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে সুতার চালানের কাগজপত্র দেখতে চায় তারা।

চালক কাগজপত্র দেখালে তারা তা ছিড়ে ফেলে থানায় যেতে বলে। ট্রাকটি নিয়ে চালক শাহ আমানত সেতু সংযোগ সড়কের বাকলিয়া থানার সামনে দাঁড় করাতে চাইলে ওই তিন ব্যক্তি জোর করে কালামিয়া বাজার এলাকায় নিয়ে যায়।

পরে পুলিশ গিয়ে সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করে। সুতাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হচ্ছে বলে ওসি জানান।