২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশ হেফাজত থেকে পালাল ২ দস্যু

নোয়াখালীর সুধারাম থানা পুলিশের হেফাজত থেকে দুই জলদস্যু পালিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এরা হলেন জলদস্যু বাহিনী প্রধান এমরান ও তার সহযোগী জসিম।

সোমবার সকালে এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার আসিনুর রহমান জানান, গত ২৬ অগাস্ট থেকে জেলার উপকূলীয় চরগুলোকে জলদস্যুমুক্ত করার অভিযানের সময় এমরান ও তার সহযোগীরা পালিয়ে ছিল। রোববার সকালে চট্টগ্রামের চন্দনগর থেকে চার সহাযোগীসহ এমরানকে আটক করা হয়।

রাতে তাকে নোয়াখালীর সুধারাম থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সুপার বলেন, সকাল ১০টার দিকে এমরান ও তার সহযোগী জসিম বুকে ব্যথা করছে বলে জানালে পুলিশ তাদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে হাসপাতাল সড়ক থেকে রশি পরা অবস্থায় তারা পালিয়ে যায়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সুধারাম থানার কনস্টেবল অংচি চাকমা ও প্রীতিময় চাকমাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সুধারাম থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে।

পলাতক জলদস্যু বাহিনী প্রধান এমরানের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।