তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হন শিশুসহ অন্তত ১০ জন।
মৃতরা হলেন জামুরীবুড়ী গ্রামের ইয়াকুব আলী (৫৫) ও প্রামাণিকপাড়া গ্রামের শাহিদা বেগম (৩৫)।
আহতদের একজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, মুহুরীহাট এলাকায় হঠাৎ একটি ট্রান্সফরমার প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে ১১ হাজার কেভি লাইনে আগুন ধরে যায়।
এ সময় শর্টসার্কিট হয়ে কয়েকটি গ্রাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিভিন্ন বাড়িতে থাকা লোকজনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাড়াহুড়ো করে ছোটাছুটি করতে গিয়ে অন্তত ১০ গ্রামবাসী আহত হন।
পঞ্চগড় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বেলাল উদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার এখনো মেরামত করা যায়নি। এজন্য বিদুৎ সরবরাহ সাময়িক বন্ধ আছে।
