২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ: ২ লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষের একদিন পর দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার বিকালে উদ্ধার করা হয় নারায়ণপুর ইউনিয়নের জাউনিয়া বাঘপাড়া গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে আখতারুজ্জামান পটল (৪৮) ও সরদার পাড়ার এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলামের (৪০) লাশ।

শনিবার ভোরে খাস জমির ফসলের দখল নিয়ে নারায়ণপুরের বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির ও গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী শরীয়তুল্লাহহ লাহু, হুমায়ন মেম্বার ও আজিমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সদর থানার ওসি এস এম বজলুর রহমান জানান, এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নেন। গোপনে চিকিৎসা নেয়ার সময় শনিবারই নুরুল ইসলাম মারা যান।

ওইদিন পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

এদিকে গুরুতর আহত আখতারুজ্জামান পটল রাত সাড়ে ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে ওসি জানান।