রাসিকে নতুন মেয়রের ত্রাস, অভিযোগ ১৪ দলের
রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব নেয়ার পর নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ ১৪ দলের।
রোববার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রী নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর নতুন মেয়র দায়িত্ব নেয়ার পর ওই রাতে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়া হয়। পরদিন গ্যাস অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্রদল। একই দিনে দুপুরে মির্জাপুর এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবির যৌথভাবে ছাত্রলীগের চার নেতাকর্মীকে কুপিয়ে জখম করে।
লিটন বলেন, একই দিন বিকালে যুবদলকর্মীরা ১৫ নং ওয়ার্ড যুবলীগ ও যুব মহিলা লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করে। পরদিন শনিবার বিকালে ১৫ নং ওয়ার্ড যুবলীগের মিছিলে হামলা চালায় যুবদলের কর্মীরা।
নতুন মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে এভাবেই তারা নগরীতে ত্রাস সৃষ্টি করছে।
মহানগরীর শান্তিশৃংখলা বজার রাখার জন্য মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রতি আহবান জানান সাবেক মেয়র লিটন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, রফিক উদ্দিন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
