২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ৮ ট্রান্সফরমার চোর আটক

রংপুরে ট্রাকসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ চারটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার ভোর সাড়ে ৫টায় বদরগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারের কাছে এ অভিযানের সময় পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছে।

পায়ে গুলিবিদ্ধ রংপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকার আলেফ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৫), আকবর আলী ছেলে আলী হোসেন (২৫) এবং ট্রাক চালক খুলনার মনিরাম গ্রামের মৃত মিজান শেখের ছেলে আমজাদ হোসেনকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এরা  ভোর ৪টায় ট্রাকে করে ৪টি ট্রান্সফরমার নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। সদর উপজেলার পাগলাপীরে  পুলিশের টহলদল ট্রাকটিকে থামানোর সঙ্কেত দেয়। চালক না থামিয়ে ট্রাকটি বদরগঞ্জ সড়ক দিয়ে চলে যায়। পিছনে ধাওয়া করে পুলিশ।

“ভোর সাড়ে ৫টায় বদরগঞ্জ উপজেলা শহীদ মিনারে কাছে গিয়ে চালকসহ চোররা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এতে চালকসহ তিনজন গুলিবিদ্ধ হয়।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।  

কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ট্রাক ও উদ্ধার করা ট্রান্সফরমার থানা হেফাজতে রয়েছে।

আটকরা হলেন রংপুর সদরের বুড়িরহাট এলাকার আলেফ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৫), আকবর আলীর ছেলে আলী হোসেন (২৫) এবং ট্রাক চালক খুলনার মনিরাম গ্রামের প্রয়াত মিজান শেখের ছেলে আমজাদ হোসেন (৪০), গোপালগঞ্জের পুতুলিয়া গ্রামের হালিম শেখের ছেলে কামরুল শেখ (৪০), কাশিয়ানী উপজেলার হরিদাসপুরের প্রয়াত মোতালেব মোল্লার ছেলে বাবলু মোল্লা (৩০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার থানাপাড়া গ্রামের প্রয়াত করিম শেখের ছেলে কবীর হোসেন (২৫), খুলনার খালিশপুরের প্রয়াত ওবায়দুল্লাহর ছেলে হাসিবুর রহমান (২৫) এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম (২৪)।