২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আ. লীগ নেতা ইনামুল হক দানু মারা গেছেন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু (৬৬) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

দানুর ছেলে রাকেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা।

দুপুরে ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা হবে বলে রাকেশ জানান।  

কাজী ইনামুল হক দানু ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। পাকিস্তান আমলে স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।

২০০৬ সালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক মনোনীত হন।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দানু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মাস দুয়েক আগে ভারতে তার অস্ত্রোপচার করা হয়।

“ঈদের পর সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার ল্যাবএইড হাসপাতাল ও শনিবার বিকালে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।”

সোমবার জোহরের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল সংলগ্ন মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী ইনামুল হক দানুর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। তিন ছেলের বাবা দানু চট্টগ্রামের চকবাজার এলাকার জয় নগরের স্থায়ী বাসিন্দা।

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা দানুর মৃত্যুতে শেখ হাসিনার শোক