উত্তরায় শ্রমিক বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় প্রায় চার ঘণ্টা বিক্ষোভ করেছে কয়েক হাজার পোশাক শ্রমিক।
উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টা থেকেই শ্রমিকরা বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু করে। তবে তাতে যান চলাচলে বিঘ্ন ঘটেনি।
অবশ্য একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ পোশাক শ্রমিকদের সরে যেতে বললে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছু শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়ে।
বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে দক্ষিণখান থানা এলাকার দিকে রওনা হয়।
তবে সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে দক্ষিণখান থানার ওসি আবদুল আলিম জানান।
ঢাকায় সমাবেশে যোগ দিতে বাধা পাওয়ার অভিযোগ এনে শনিবার গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। অসন্তোষের কারণে গাজীপুর বোর্ড বাজারসহ আশপাশের এলাকার অর্ধশতাধিক কারখানায় শনিবার ছুটি ঘোষণা করা হয়। রোববারও ওই এলাকায় বিক্ষোভ ও ভাংচুর করে শ্রমিকরা।
এদিকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সমাবেশ থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
