৫ দিন পর মুক্ত রোকেয়ার ভিসি
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে পাঁচদিন পর উপাচার্যকে মুক্তি দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়ক ড. শরিফা সালোয়া ডিনা জানান, অবরোধ তুলে নেয়া হলে রোববার রাত দেড়টার দিকে উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী তার কার্যালয় থেকে বেরিয়ে যান।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা থেকে ওই কার্যালয়েই উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের সভা হয়।
ড. শরিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠকে বকেয়া বেতন পরিশোধ এবং কিছু কিছু দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।
চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে গত ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ক্লাস বর্জন করে উপাচার্যের কার্যালয় অবরোধ এবং অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকদের একাংশ।
শিক্ষক সমাজের ব্যানারে আরেক অংশ অবরুদ্ধ উপাচার্যের কক্ষের সামনে আমরণ অনশন শুরু করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তিন শিক্ষক।
অবরুদ্ধ উপাচার্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অনশনকারীরা গত শুক্রবার তাদের কর্মসূচি স্থগিত করেন। কিন্তু অন্য শিক্ষকরা উপাচার্যকে অবরুদ্ধ রেখে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। রোববার রাতে সিন্ডিকেট সভায় সমঝোতার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত পাল্টান।
দাবি আদায়ে গত মাস থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন চলছে। এর আগে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী গত মে মাস থেকে বেতন পাচ্ছেন না।
উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২৮৫ জনের বাইরে সাবেক উপাচার্য ৩৩৩ জন শিক্ষক-কর্মচারিকে অস্থায়ীভাবে নিয়োগ দেন। অতিরিক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে গিয়েই টাকা ফুরিয়ে যায়।
তিনি জানান, গত ১৮ অগাস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জুলাই-সেপ্টেম্বর মাসের অর্থ ছাড় করে। বেতন দেয়ার প্রক্রিয়া শুরু করতেই চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করে। এ কারণেই বেতন দিতে বিলম্ব হয় বলে দাবি করেন উপাচার্য।
