ডিইউজে একাংশের নির্বাচন: জয়ী শিকদার-প্রধান প্যানেল
জাতীয়তাবাদী দল সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে কবি আবদুল হাই শিকদার সভাপতি ও জাহাঙ্গীর আলম প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন এলাহী নেওয়াজ খান সাজু- খোরশেদ আলম প্যানেল।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে-২০১৩ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ভোটের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। শনিবার বিকাল পর্যন্ত ভোট গণনার পর এই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
ডিইউজে’র নির্বাচনে আবদুল হাই শিকদার-মো. শহিদুল ইসলাম ও এলাহী নেওয়াজ খান সাজু-খোরশেদ আলম এর নেতৃত্বে দুইটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম প্রধান প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি আবদুল হাই শিকদার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলাহী নেওয়াজ খান সাজু পেয়েছেন ৩৮৫ ভোট। নির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ৩৪৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন মো. শহীদুল ইসলাম ৩৩৬ ভোট, খুরশীদ আলম ২৫৮ ভোট এবং আবদুস সালাম হাওলাদার বাচ্চু পান ৩ ভোট।
নির্বাচিতরা তিনজন সহসভাপতি হলেন, আনওয়ারুল কবীর বুলু, খন্দকার হাসনাত করীম ও সৈয়দ আলী আশরাফ।
যুগ্ম সম্পাদক পদে শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ এম এ নোমান, সাংগঠনিক সম্পাদক পদে রফিক মুহাম্মদ, প্রচার সম্পাদকে আকন আবদুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকে দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক আবদুস সেলিম, দপ্তর সম্পাদকে শরীফ আবদুল গোফরান নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদের ৮টি সদস্য পদে সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, মীর আহমেদ মীরু, মো. শাহজাহান (সাজু), জাহিদুল ইসলাম রনি, খন্দকার আলমগীর হোসেন, শওকত রেজা, এরফানুল হক নাহিদ, আমিমুল এহসান চৌধুরী (প্রত্যয় চৌধুরী) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছিলো ২১ জন।
এদিকে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এলাহী নেওয়াজ খান সাজু অভিযোগ করেছেন, “নির্বাচনে অনিয়ম ও স্বাক্ষর বিহীন ব্যালট পেপার দিয়ে ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি।”
পুনঃনির্বাচন দাবি করেছেন তিনি।
