বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ আটক ২৫
যশোরের বেনাপোলের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত পুটখালী সীমান্ত থেকে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
আটক ১১জন পুরুষ, ১১জন নারী ও তিন শিশুর বাড়ি নাটোর, খুলনা, মাদারীপুর ও ফরিদপুর জেলায়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তায়েফ-উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্তে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়।
তবে তাদের সঙ্গে থাকা দালালরা পালিয়ে যায়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
