বিএনপি-জামায়াত মিথ্যায় পারদর্শী: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হেফাজতের কর্মসূচির দিন পবিত্র কোরআন পোড়ানোর নির্দেশ দেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে একদিন জাতির কাছে জবাব দিতে হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গণভবনে শনিবার বিকালে ঢাকা জেলা, পঞ্চগড়, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
জনগণকে বিএনপি থেকে দূরে থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তাদের (বিএনপি) থেকে দূরে থাকতে হবে। বিএনপি আসলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করবে, মানুষ খুন করবে, লুটপাট করবে। গ্রামে গ্রামে ৭১ এর মতো মানুষ খুন করবে আর আগুন জ্বালাবে।”
গত ৩ মে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে ‘সমঝোতায়’ তার আপত্তি নেই। তবে নির্বাচন হতে হবে ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই’।
এর আগের দিন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের আমন্ত্রণ জানান তিনি।
৪ মে সংলাপের প্রস্তাবকে ‘নাটক’ আখ্যায়িত করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ৫ মে মতিঝিলের শাপলাচত্বরে অবস্থান নিয়ে দিনভর তাণ্ডব চালায় হেফাজতে ইসলামী, যার পেছনে বিএনপি ও তাদের শরিক জামায়াতের ইন্ধন ছিল বলে অভিযোগ করে আসছে সরকার।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচার চালানোর কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা দলের তৃণমূল নেতাদের এর বিরুদ্ধে জনগণকে সচেতন করার নির্দেশ দেন।
হেফাজতের কর্মসূচির পর আওয়ামী লীগের পক্ষ থেকে আড়াই হাজার নিহতের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পরে তা আড়াই হাজার থেকে ৬১ জনে নেমে আসলো। তাও অনেকের ভুয়া নাম-ঠিকানা, অনেকে জীবিত। ঘুরে বেড়াচ্ছে।”
“এখন গ্রামে গ্রামে মহিলার কোরআন শরিফ হাতে বলে, মুসল্লিদের মেরে ফেলা হয়েছে। নামাজ হবে না। জানাজা হবে না। বিএনপি-জামায়াত মিথ্যা বলায় পারদর্শী।”
এর আগে শুক্রবার কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা ও রংপুরের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।
