ফাঁসির রায়ের পর কাদের মোল্লার স্বজনদের সাক্ষাৎ
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পর শনিবার প্রথম স্বজনদের সাক্ষাৎ পেলেন তিনি।
বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ তার মেয়ে আমাতুল্লাহ পারভীন, আমাতুল্লাহ লারজীন, ছেলে মো. হাসান জামিল, ভাতিজা শামসুল ইসলাম এবং শ্যালক রাগীবুল আহসান দেখা করতে যান।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর স্ত্রী সানোয়ারা জাহানসহ কয়েকজন আত্মীয় জামায়তের এই সহকারী সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে মামলা সংক্রান্ত আইনি বিষয় নিয়ে আলোচনা করেন।
কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শনিবার কাদের মোল্লার সঙ্গে আধাঘণ্টা কাটান স্বজনরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন সাজার রায়ের পর আব্দুল কাদের মোল্লাকে কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য মিরপুরের কসাই নামে পরিচিত কাদের মোল্লা ষাট সেলে বন্দি রয়েছেন।
এ বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার আগে তিনি ওই কারাগারের সুরমা ভবনে ভিআইপি মর্যাদায় ছিলেন। সেখানে টিভি দেখার ও পত্রিকা পড়ার সুবিধা ছিল।
ট্রাইব্যুনালের রায়ের পর তাকে সাধারণ কয়েদি হিসেবে ষাট সেলে স্থানান্তর করা হয়।
এখানে তিনি বাগানের মালির কাজ করছেন এবং প্রয়োজনে কক্ষের বাইরে বের হওয়ার সুযোগ পান।
কিন্তু ফাঁসির রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর তাকে কনডেম সেলে নেয়া হলে এসব সুবিধা থাকবে না।
কাদের মোল্লার জন্য কনডেম সেল প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, “রায়ের কপি পাওয়ার পর বন্দিকে তা জানানোর মাধ্যমে কনডেম সেলে নিয়ে যাওয়া হবে।”
কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডে সন্তুষ্ট না হয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে। দণ্ড কমানোর জন্য এরপর আসামিপক্ষও আপিল করে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ তার ফাঁসির রায় দেয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতে কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হয়।
মিরপুরের আলোকদী গ্রামে গণহত্যা এবং অন্য এক ঘটনায় হযরত আলী লস্কর, তার স্ত্রী, দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে হত্যা এবং লস্করের মেয়েকে ধর্ষণের ঘটনায় অপরাধ প্রমাণিত হয়।
