২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্র নিহত

বন্দর নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম সরকারি কলেজের পূর্ব গেইট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার দুপুরে নিহত রফিকুল ইসলাম তৌফিক (২৪) চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।

তৌফিক নগরীর মুরাদপুরের বেসরকারি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

চকবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইট এলাকায় দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে।

এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ বলেন, “প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, প্রেমঘটিত কারণে তৌফিকের ওপর হামলা চালানো হয়। তবে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।”

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ৃয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৌফিকের দুই পায়ে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।