শাবিতে গবেষকদের সম্মেলন অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র-শিক্ষকদের সম্মেলনের আয়োজন করেছে প্রশাসন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. এম মুহিবুর রহমান।
‘মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ফাইন্ডিং’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টার।
উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম মুহিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষকদের বাইরের উদ্যোক্তা এবং শিল্প প্রতিষ্ঠানকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
গবেষণার ফলাফলকে জনগণ, সমাজ তথা দেশের উন্নয়নে কাজে লাগানোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জ্যেষ্ঠ গবেষকদের সহায়তা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ শুধু ক্লাসে পাঠদান নয়, বরং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে গবেষণার স্বীকৃতিস্বরূপ দুই শিক্ষককে ২০১২ সালের উপাচার্য অ্যাওয়ার্ড দেয়া হয়।
পুরস্কার পাওয়া এ দুই শিক্ষক হলেন জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. মো. আবুল কালাম আজাদ এবং সমাজকর্ম বিভাগের শিক্ষক ড. মো. আবুল হোসেন।
শাবি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনব্যাপী এই সম্মেলনে ২টি টেকনিক্যাল সেশনে মোট ৩৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাবি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. কবির হোসেন, পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার মুহাম্মদ মুসাদ্দিক চৌধুরী, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
