‘জামায়াত নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ চাই’
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জামায়াত-শিবিরের মতো মুক্তিযুদ্ধবিরোধীদের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
যুদ্ধাপরাধীদের দণ্ড দ্রুত বাস্তবায়ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছিল এই গণসমাবেশ।
সমাবেশে ইমরান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত-শিবিরকে ক্রিমিনাল সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের ভোটাধিকার রহিত করেছে। ঘোষণা করেছে যুদ্ধাপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবে না।
“সরকারের প্রতি দাবি জানাই, যেখানে মহামান্য আদালত জামায়াতকে সন্ত্রাসী সংগঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জামায়াতকে অবৈধ সংগঠন ঘোষণা করেছে সেখানে জামায়াতকে নিষিদ্ধ করতে বাধা কোথায়?”
ইমরান বলেন, “আমরা সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, তবে আমরা সরকারের পক্ষ থেকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ চাই।”
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধের চূড়ান্ত রায় দিয়ে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আগামী বিজয় দিবসকে অন্যরকম বিজয় দিবস হিসেবে উদযাপন করতে চাই।”
তিনি বলেন, “আমরা নিরপেক্ষ কোনো শক্তি নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে সামনের দিনে এভাবে আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে আদালতে যাওয়ার দরকার নেই। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সংবিধান অনুসারে প্রশাসনিকভাবে তাদের নিষিদ্ধ করা যায়।
“গত দুইদিনের হরতালে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সরকার সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে তাদের নিষিদ্ধ করতে পারে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী যেখানে নিজেই ঘোষণা করেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই সেখানে সরকারের মধ্যে এমন কোন শক্তি আছে যাদের বাধার কারণে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে না।”
মুক্তিযোদ্ধা মাহাবুবব জামান বলেন, জামায়াত ইসলামী আর কোনো রাজনৈতিক দল নয়, যুদ্ধাপরাধী সংগঠন। তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে।
শহীদ জায়া শ্যামলী নাসরিন বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের মাধ্যমে আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। যেদিন এ রায়গুলো কার্কর করা হবে সেদিন হবে আমাদের সত্যিকারের বিজয়।”
তিনি বলেন, শুধু জামায়াত শিবির নয়, যারা তাদের মতো যুদ্ধপরাধীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিচ্ছে বাংলার মাটিতে একদিন তাদেরও বিচার হবে।
গনজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসূলের সঞ্চালনায় গণসমাবেশে ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসএম ইমামুল হক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, নাট্যবক্তিত্ব ঝুনা চৌধুরীসহ গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।
