ফরিদপুরে প্রকৌশলীর উপর হামলায় মামলা
ফরিদপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় ‘সন্ত্রাসী’ আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা প্রচেষ্টা মামলা করা হয়।
মামলাটি দায়ের করেন ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের সহকারী প্রকৌশলী রুহুল আমিন।
তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদকে (৪২) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
প্রকৌশলী আব্দুল মজিদ এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে জেলা শহরের গোয়ালচামট এলাকার বিদ্যুৎ ভবনের নিচতলার অফিস কক্ষে কাজ করার সময় হঠাৎ ৭/৮ জন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মজিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
প্রাণ বাঁচাতে তিনি বাথরুমে ঢুকলে সেখানে গিয়েও সন্ত্রাসীরা তাকে কোপায়।
